দমন-পীড়নের রাজনীতি জনগণ আর মেনে নেবে না: বড়লেখায় জামায়াত নেতা আমিনুল
- আপডেট সময় : ১২:১৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা। বুধবার (৫ আগস্ট) বিকেলে বড়লেখা পৌর শহরের নুরজাহান কমপ্লেক্সের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, দমন-পীড়নের রাজনীতি এ দেশের জনগণ আর কোনোভাবেই মেনে নেবে না।
বড়লেখা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ফয়সল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম অন্তর্বর্তীকালীন ও বর্তমান নির্বাচিত সরকারের কার্যক্রমের তুলনা করে বলেন, জুলাই যুদ্ধ-পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম এবং বর্তমান নির্বাচিত সরকারের ছয় মাসের কার্যক্রম দেশের জনগণ মূল্যায়ন করবে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতি দেখা গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং দুর্নীতির অভিযোগ মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরে জামায়াত নেতা আমিনুল ইসলাম বলেন, সরকারকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তিনি জুলাই যুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাইতুলমাল সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, পৌরসভা সভাপতি জুবায়ের আহমদ, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবু তাহের এবং মজলিসে শূরা সদস্য মাওলানা আলিম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি গণমিছিল বড়লেখা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।



























