শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতা: কুবির ১১ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

- আপডেট সময় : ০১:২৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

জাতীয় গণমাধ্যমে প্রকাশিত ‘শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা’ সংক্রান্ত সংবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১ জন শিক্ষকের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এই শিক্ষকদের পরিচয় ও তাদের কার্যক্রম যাচাইয়ের জন্য চার সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর তৎপরতা এবং নামকরণ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ১১ জন শিক্ষকের পরিচয় ও কার্যক্রম নিরূপণের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
গঠিত এই কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে। কমিটির অন্য সদস্যরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল। এছাড়া সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান।
অফিস আদেশের নির্দেশনা অনুযায়ী, এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



























