টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : ১২:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

টঙ্গীতে রান্না করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোসাম্মৎ শিলা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি টঙ্গীর এরশাদনগরের ৫ নম্বর ব্লকের বাসিন্দা ছিলেন। শিলা খাতুন আব্দুস সাত্তার মন্ডল ও সুফিয়া বেগম দম্পতির মেয়ে এবং ব্যবসায়ী মো. সোহেলের স্ত্রী। তাদের সংসারে সাবিল (৪) ও সায়মা (৮) নামে দুই সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর ১২টার দিকে নিজ ঘরে রান্না করার সময় অসাবধানতাবশত শিলার পরনের কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে তিনি বাঁচার জন্য চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দিবাগত ভোর ৬টার দিকে তিনি মারা যান।
শিলার চাচা মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























