গোয়াইনঘাটে গুরুত্বপূর্ণ দুটি সড়ক পরিদর্শনে এলজিইডির ডিজাইন টিম
- আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়কের টেকসই উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ডিজাইন টিম। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়কসমূহ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সালুটিকর বাজার-গোয়াইনঘাট জিসি রোড এবং রাধানগর বাজার জিসি-হাদারপার বাজার জিসি রোড দুটি পরিদর্শন করা হয়। এলজিইডি সদর দপ্তরের ডিজাইন টিম (সড়ক ও ভবন)-এর সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন ও ইমরান হোসেন এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
পরিদর্শনকালে ডিজাইন টিমের কর্মকর্তারা সড়ক দুটির বর্তমান অবস্থা সরেজমিন খতিয়ে দেখেন। একই সঙ্গে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের টেকসই বাস্তবায়নের জন্য বিভিন্ন কারিগরি দিক পর্যালোচনা করেন তারা।
এ সময় গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদ এবং গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত নেতৃবৃন্দ নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।



























