২০২৭ সালেও মুখোমুখি হচ্ছে পিএসএল ও আইপিএল
- আপডেট সময় : ০৫:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

টানা তৃতীয়বারের মতো বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সূচিতে সরাসরি সংঘাত হতে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, পিএসএলের দ্বাদশ আসর ২০২৭ সালের ১৮ই মার্চ থেকে ২রা মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর ফলে টুর্নামেন্টটি আইপিএলের সঙ্গে আবারও একই সময়ে মাঠে গড়াবে।
শুরুর বছর ২০১৬ থেকে ২০২৪ সংস্করণ পর্যন্ত পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চ উইন্ডোতে আয়োজন করা হতো। তবে আইসিরির ব্যস্ত সূচি এবং পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের বাধ্যবাধকতার কারণে ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি এপ্রিল-মে উইন্ডোতে সরিয়ে নিতে বাধ্য হয় পিসিবি।
তবে এই নতুন সূচির কারণে বড় ধরনের বাণিজ্যিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৯ সাল পর্যন্ত পিএসএলের সম্প্রচার স্বত্বাধিকারী এবং নতুন ফ্র্যাঞ্চাইজি ‘রাওয়ালপিন্ডিজ’-এর মালিকানা প্রতিষ্ঠান ‘ওয়ালী টেকনোলজিস’ গত মাসে গভর্নিং কাউন্সিলের সভায় সম্প্রচার রাজস্ব কমে যাওয়ার ব্যাপারে তীব্র উদ্বেগ জানায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, অধিকাংশ বিজ্ঞাপনদাতা পবিত্র রমজান মাসেই তাদের বিপণন ও টিভি বিজ্ঞাপনের বড় অংশ খরচ করে ফেলেন। ফলে রমজান পরবর্তী সময়ে সম্প্রচারকদের জন্য তেমন কোনো বাজেট অবশিষ্ট থাকে না। ২০২৭ সালে রমজান মাস ফেব্রুয়ারির শুরু থেকে মার্চের শুরু পর্যন্ত চলায় পিএসএলের পরবর্তী আসরটি আগের দুই মৌসুমের মতোই রমজানের পরে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
বাণিজ্যিক এই আপত্তির মুখে পিসিবি প্রথমে জানুয়ারি-ফেব্রুয়ারি উইন্ডোতে টুর্নামেন্টটি আয়োজনের কথা ভেবেছিল। কিন্তু লজিস্টিক ও আবহাওয়াজনিত প্রতিকূলতার কারণে সেই প্রস্তাব বাতিল করা হয়। কারণ হিসেবে জানানো হয়, পাঞ্জাব অঞ্চলে লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ তিনটি ভেন্যু অবস্থিত, যেখানে শীতকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া টুর্নামেন্টের শেষ ও সবচেয়ে আকর্ষণীয় অংশটি রমজানের মধ্যে পড়ে যাওয়ার বাণিজ্যিক ঝুঁকিও ছিল আরেকটি বড় কারণ।
গভর্নিং কাউন্সিলে কোনো সর্বসম্মত সিদ্ধান্ত না হওয়ায় পিসিবি ইমেইলের মাধ্যমে টুর্নামেন্টের আটটি ফ্র্যাঞ্চাইজির মতামত আহ্বান করে। সেখানে সংখ্যাগরিষ্ঠ দলই মার্চ-মে উইন্ডোর পক্ষে নিজেদের ভোট দেয়। তবে টুর্নামেন্টের ভেন্যু নির্বাচন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো মাঠের নাম উল্লেখ করা হয়নি। এর আগে ফয়সালাবাদ ও পেশোয়ারকে নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হলেও, গত ১১তম আসরে জ্বালানি সংকট ও নিরাপত্তাজনিত কারণে ম্যাচগুলো শুধু লাহোর ও করাচিতে দর্শকশূন্য মাঠে আয়োজন করতে বাধ্য হয়েছিল পিসিবি।





























