বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় মডেল মিষ্টি সুবাস গ্রেপ্তার

- আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়া মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৩ আগস্ট আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিউল আলম সোহাগ মডেল মিষ্টি সুবাসকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেছিলেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। মিষ্টি সুবাস ওই ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামিদের সহযোগী হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি আশুলিয়ার অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন রুহুল আমীন নামের এক ব্যক্তি। সে সময় আসামিদের ছোঁড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পর গত ৩ অক্টোবর তিনি বাদী হয়ে ৫৩ জনকে এজাহারভুক্ত আসামি করে এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্ল্যাকার্ড হাতে ‘জয় বাংলা’ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার সময় মডেল মিষ্টি সুবাসসহ দুজনকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে তিনি ওই ঘটনায় জামিনে মুক্তি পেলেও নতুন এই হত্যাচেষ্টা মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানো হলো।

























