গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪টি গুদাম সিলগালা
- আপডেট সময় : ১১:০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি গুদাম সিলগালা করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। সিলগালা করা গুদামগুলোর মধ্যে দুটি বৈধ হলেও বাকি দুটি ছিল সম্পূর্ণ অননুমোদিত।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ওয়্যারহাউজগুলোতে প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সেগুলো সিলগালা করা হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, টস বন্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত বা ঘোষিত গুদামের সংখ্যা মাত্র দুটি। তবে অভিযান পরিচালনাকালে সেখানে মোট চারটি গুদামে পণ্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।
এদিকে, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় সেখানে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এই হামলার ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সাবেক এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



























