রাজপথ দখলের আইনগত অধিকার নেই কোনো দলেরই: ইসলামাবাদ হাইকোর্ট
- আপডেট সময় : ০৪:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কোনো রাজনৈতিক দল, নেতা বা সরকারি পদধারী ব্যক্তিরই সড়ক, মহাসড়ক, বড় ক্রসিং, টোল প্লাজা কিংবা সরকারি ভবন দখল করে রাখার কোনো আইনগত অধিকার নেই বলে রায় দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। ২৭শে সেপ্টেম্বর পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) পরিকল্পিত লং মার্চের বিরুদ্ধে করা এক আবেদনের প্রেক্ষিতে আদালত এই কঠোর নির্দেশনা দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছেন, এমন কর্মকাণ্ড সংবিধান লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের আইনের নির্ধারিত পরিণতির মুখোমুখি হতে হবে।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগারের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ ৩৭ পৃষ্ঠার এই রায় প্রদান করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মুহাম্মদ আজম খান ও বিচারপতি মুহাম্মদ আসিফ। রায়ে আদালত উল্লেখ করেন, ফেডারেল রাজধানীর ভেতরে বা যাতায়াতের পথে কোনো ধরনের বাধা সৃষ্টি করে নাগরিকদের অবাধ চলাচল, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অধিকার খর্ব করা যাবে না।
ওয়াকাস আহমেদ নামে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে আদালত আরও ঘোষণা করেন যে, ফেডারেশনের কোনো ইউনিট বা প্রাদেশিক সরকারের পক্ষ থেকে অন্য কোনো ইউনিটের বিরুদ্ধে লং মার্চ, মিছিল বা সমাবেশের মাধ্যমে যে কোনো ধরনের আগ্রাসন চালানো অসাংবিধানিক ও বেআইনি। আদালত ২০২২ সালের মে এবং ২০২৪ সালের নভেম্বর মাসে পিটিআইয়ের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করেন।
আদালত প্রাদেশিক সরকারগুলোকে নির্দেশ দিয়েছেন, ইসলামাবাদমুখী কোনো লং মার্চ বা মিছিলে অংশ নিতে কোনো সরকারি কর্মচারী বা যানবাহনকে যেন বাধ্য বা ব্যবহার না করা হয়। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামাবাদ প্রশাসনকে আইসিটি এলাকায় বসবাসকারীদের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।



























