২০২৭ সাল থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র
- আপডেট সময় : ০২:৪৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

২০২৭ সাল থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ। এই লক্ষ্য বাস্তবায়নে সাধারণ শিক্ষাধারার এসএসসি ও মাদ্রাসা শিক্ষাধারার দাখিল স্তরের বিষয় কোড সমন্বয় করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন বিষয় কোড প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই পুনর্নির্ধারিত কোডগুলো কার্যকর হবে।
নতুন এই নিয়ম অনুযায়ী, দাখিল পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, প্রবেশপত্র ও প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতকরণ, নম্বরপত্র ও সনদপত্র প্রদানসহ পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থী-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণের ক্ষেত্রেও নতুন কোড অনুসরণ করতে হবে।
তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগের বিষয় কোডই বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এই নতুন তালিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে এবং দাখিল স্তরের বিষয়গুলোর পুরোনো ও নতুন কোড সংবলিত বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।


























