কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১১
- আপডেট সময় : ০১:৫৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর ও থানার আশপাশের এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে এ সংঘর্ষ চলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি ও উপজেলা কৃষকদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে বিকেলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রকৌশলী শেখ হাসানুর রহমান ও শেখ নাজমুল হোসেনের সমর্থকদের সঙ্গে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও সালাউদ্দিন লিটনের সমর্থকদের মধ্যে এই হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে আল ইমরান হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে, তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনার বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২৪



























