মহেশখালীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত
- আপডেট সময় : ০৩:৫১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মোটরসাইকেল ও মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল (৩১) নামের এক প্রবাসী যুবক প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বড় মহেশখালী সমবায় সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মো. ইলিয়াসের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গোরকঘাটার দিকে যাওয়া একটি মিশুক গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীসহ কয়েকজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফয়সালকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, নিহত ফয়সাল সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। মহেশখালীতে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।




























