গাঁজাসহ আটক খুবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ও জরিমানা
- আপডেট সময় : ০৬:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গাঁজাসহ হাতেনাতে আটক হওয়া তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী রিয়াজুস ছলেহীন, তৌফিক আলম ও মুশফিক উল ইসলাম। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর একাডেমিক ভবনে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল দল অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করেন টহল দলের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে এই সাময়িক বহিষ্কার ও জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি নিয়ম অনুযায়ী পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


























