গাইবান্ধায় কৃষকের দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমে খাল খনন
- আপডেট সময় : ১০:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০১। গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ও খোলাহাটি ইউনিয়নের সীমান্তবর্তী ঝিনিয়ার বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কৃষক ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৯টার দিকে ৭৫ নম্বর রেলগেট এলাকার পাশে এই খনন কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে দুই ইউনিয়নের প্রায় শতাধিক জমির মালিক ও সাধারণ মানুষ অংশ নেন।
স্থানীয় কৃষকদের তথ্যমতে, ঝিনিয়ার বিলে প্রায় ৩০০ একর আবাদি জমি রয়েছে। দীর্ঘ সময় ধরে খালটি সংস্কার ও খনন না করায় পলি জমে ভরাট হয়ে গেছে। একসময় এই খালটি ঝিনিয়ার বিল থেকে টাকিমারী বিল হয়ে ঘাঘট নদীতে সংযুক্ত ছিল, কিন্তু বর্তমানে তা অকার্যকর হয়ে পড়ায় বৃষ্টির পানি ও বিলের অতিরিক্ত পানি নিষ্কাশিত হতে পারছে না। ফলে প্রতিবছর ইরি-বোরো ও আমন মৌসুমে সামান্য বৃষ্টিতেই জমিতে পানি জমে যায়। এতে কৃষকদের পানির মধ্যে ধান কাটার মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং উৎপাদন খরচ বেড়ে গিয়ে তাদের লোকসান গুনতে হয়।
ভুক্তভোগী কৃষকরা জানান, এই সমস্যা সমাধানের জন্য তৎকালীন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই নিজেদের দুর্ভোগ লাঘবে তারা নিজেরাই খালটি পুনঃখননের সিদ্ধান্ত নেন। কৃষকরা বর্তমান সরকারকে জনবান্ধব উল্লেখ করে খালটি স্থায়ীভাবে পুনঃখননের জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
স্বেচ্ছাশ্রমে খাল খননকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও কুপতলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জামিনুল ইসলাম, দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ ইকবাল, কুপতলা ইউনিয়ন জামায়াতের আমির শাকিল প্রামাণিক, সেক্রেটারি জাকির হোসেনসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ।


























