রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের আকাশে শনিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখার প্রেক্ষিতে আগামী রোববার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, বড় পীর হজরত আবদুল কাদির জিলানী (রহঃ) এর ওফাত দিবস বা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর উদযাপিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, এমপি সভায় সভাপতিত্ব করেন।
ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হতে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, এইচ, এম কামরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বার্তা সম্পাদক মো. কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ছাদেক আহমদ, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মির্জা গোলাম সাবুরু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ এবং সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার প্রভাষক মো. জমির উদ্দিন উপস্থিত ছিলেন।





























