গোপন কথা ফাঁস করলে মানুষ নিজেই তার বন্দি হয়ে যায়
- আপডেট সময় : ০৯:০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

গোপন কথা ততক্ষণ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে থাকে, যতক্ষণ তা নিজের কাছে সংরক্ষিত থাকে। কিন্তু একবার কোনো গোপন তথ্য অন্যের কাছে প্রকাশ করে ফেললে, সেই গোপন কথাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরবি সাহিত্য ও প্রবাদসংগ্রহে 'সিররুকা আসিরুকা' বাক্যটি দীর্ঘদিন ধরে প্রচলিত। প্রখ্যাত গ্রন্থ 'লুবাবুল আদাব'-এ এই উক্তিটি আলী ইবনে আবি তালিবের নামে উদ্ধৃত হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো মানুষ যখন তার গোপন কথা অন্যের কাছে ফাঁস করে দেয়, তখন সে নিজেই সেই গোপন কথার বন্দি হয়ে পড়ে।
একই ধরনের সতর্কবার্তা প্রাচীন আরবি সাহিত্যের 'কিতাবুজ জাহরা' গ্রন্থেও পাওয়া যায়। সেখানে গোপন কথা সুরক্ষিত রাখার এবং তা প্রকাশ না করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এই প্রবাদগুলোর মূল শিক্ষা অত্যন্ত সহজ—সব কথা সবাইকে বলা উচিত নয়। কারণ, একবার গোপন তথ্য অন্যের হাতে চলে গেলে তা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না।





























