গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ
- আপডেট সময় : ০২:২৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মোট দুই লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তার চেক তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ২০২৫-২৬ অর্থবছরের এই সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত অনুদানের আওতায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে সাময়িকভাবে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই মূলত এই সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি এই আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এই অর্থ তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়তা করবে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইসহাক আলী। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহায়তাপ্রাপ্ত উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




























