ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা
- আপডেট সময় : ০৩:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার্থে বিশেষ ফুট ওয়াশ স্টেশন বা পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। টার্মিনাল ডি-এর শৌচাগারে এই অজু স্টেশনগুলো স্থাপনের কাজ চলছে, যা চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের আওতায় পুরুষ ও নারীদের জন্য আলাদা অজুর স্থান তৈরি করা হবে।
টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। তবে এই অর্থ বিমানবন্দরের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হচ্ছে না; বরং প্রকল্পটি ব্যক্তিগতভাবে অর্থায়ন করা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার ফলে মেঝে ভিজে পিচ্ছিল হয়ে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং বেসিনের ক্ষতির কারণ হতে পারে। নতুন অজু স্টেশন স্থাপনের মাধ্যমে শৌচাগার পরিষ্কার ও নিরাপদ রাখা সহজ হবে।
এর আগেও যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি বড় বিমানবন্দরে এ ধরনের নিচু বেসিন এবং আন্তধর্মীয় প্রার্থনার স্থান স্থাপন করা হয়েছে। এদিকে, এই নতুন উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এর সমালোচনা করলেও অন্যদের মতে, এটি কোনো ধর্মীয় মতাদর্শ প্রচারের বিষয় নয়, বরং আন্তর্জাতিক যাত্রীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিমানবন্দরের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি বাস্তবসম্মত পদক্ষেপ।
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫: ১০আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৫: ২৫



























