পাবনায় চায়ের দোকানে কলারুটি গলায় আটকে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার শিবপুর গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুল মমিন জোয়ারদার (৬০) নামে এক ছিন্নমূল বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মমিন জোয়ারদার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত চেনির উদ্দিন জোয়ারদারের ছেলে। তার মায়ের নাম মৃত আনোয়ারা বেগম। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আব্দুল মমিন দীর্ঘ কয়েক বছর ধরে ভবঘুরে জীবনযাপন করছিলেন। তিনি শিবপুর ও এর আশপাশের এলাকায় ছিন্নমূল অবস্থায় বসবাস করতেন এবং স্থানীয়দের কাছ থেকে চেয়ে পাওয়া খাবার খেয়ে দিন অতিবাহিত করতেন।
ঘটনার রাতে শিবপুর গ্রামের ওই চায়ের দোকানে বসে কলারুটি খাওয়ার সময় হঠাৎ সেটি তার গলায় আটকে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে এলাকায় ছিন্নমূল অবস্থায় থাকতেন। বর্তমানে নিহতের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।


























