ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ২ বছর ধরে লোকাল ট্রেন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
- আপডেট সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটের হাজার হাজার নিম্ন আয়ের যাত্রী। সর্বশেষ ২০২৪ সালের ৩১ মে ট্রেনটি মোহনগঞ্জে আসার পর থেকে এই রুটে লোকাল ট্রেনের চাকা আর ঘোরেনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ২১০ কিলোমিটার রেলপথের মধ্যে মোহনগঞ্জ-ময়মনসিংহ অংশের দূরত্ব ৬৮.৫ কিলোমিটার। এই রুটে বর্তমানে হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও মহুয়া কমিউটার ট্রেন চলাচল করলেও স্বল্প খরচে যাতায়াতের জন্য সাধারণ মানুষের একমাত্র ভরসা ছিল এই লোকাল ট্রেনটি। প্রতিদিন ট্রেনটি ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪০ মিনিট ও দুপুর ২টা ১০ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যেত। আবার মোহনগঞ্জ থেকে সকাল সাড়ে ৮টা ও বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহের উদ্দেশে রওনা হতো। শম্ভুগঞ্জ, বিশকা, গৌরীপুর, শ্যামগঞ্জ, চল্লিশানগর, নেত্রকোনা বড় স্টেশন, নেত্রকোনা Court, ঠাকুরাকোনা, বারহাট্টা ও অতিথপুরসহ ১২টি স্টেশনের যাত্রীরা এই ট্রেনে নিয়মিত যাতায়াত করতেন।
ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আগে সকালে এই ট্রেনে চড়ে কর্মস্থলে যাওয়া এবং বিকেলে বাড়ি ফেরা ছিল খুবই সহজ ও নিরাপদ। মাত্র ৩০ থেকে ৪০ টাকায় যাতায়াত করা গেলেও এখন বাধ্য হয়ে সিএনজিচালিত অটোরিকশা ও বাসে যাতায়াত করতে হচ্ছে। এতে জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ২০০ টাকারও বেশি। বাড়তি খরচের পাশাপাশি ঝুঁকিপূর্ণ সড়কে সিএনজি অটোরিকশায় যাতায়াত করতে গিয়ে প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। দুই বছর ধরে চরম কষ্ট ও আর্থিক লোকসান মাথায় নিয়ে তাদের কর্মস্থলে যাতায়াত করতে হচ্ছে।
লোকাল ট্রেনটি বন্ধ থাকার বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, মূলত ইঞ্জিনের স্বল্পতার কারণেই ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনের সংকট দূর হলেই ট্রেনটি পুনরায় চালু করা হবে। তবে ঠিক কবে নাগাদ এটি চালু হতে পারে, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এই লোকাল ট্রেনটি বাতিল করা হয়নি।
একই সুর শোনা গেল ময়মনসিংহের স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল হারুনের কণ্ঠেও। তিনি জানান, শুধু লোকাল ট্রেনই নয়, ইঞ্জিন সংকটের কারণে অনেক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনও বন্ধ হয়ে গেছে। ইঞ্জিন ও প্রয়োজনীয় জনবল পাওয়া গেলেই ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনটি পুনরায় চালু করা সম্ভব হবে। এদিকে রেল কর্তৃপক্ষের এই যুক্তি মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। ইঞ্জিন স্বল্পতার অজুহাত না দেখিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই লোকাল ট্রেনটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৩: ০৮আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৩: ১৯


























