ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাল রেকর্ড ২৩০ অভিবাসী
- আপডেট সময় : ০৮:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটি মাত্র নৌকায় চড়ে রেকর্ড সংখ্যক ২৩০ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। রোববার (৯ আগস্ট) দেরিতে ফ্রান্স থেকে ছেড়ে আসা নৌকাটি ব্রিটিশ কর্তৃপক্ষের নজরদারিতে পড়ার পর সোমবার (১০ আগস্ট) ভোরে ইংল্যান্ডের উপকূলে এসে পৌঁছায়। এর আগে গত মাসে একটি একক নৌকায় সর্বোচ্চ ১৬৫ জনের পারাপারের রেকর্ড ছিল, যা এবার ভেঙে গেল।
মানবপাচারকারী চক্রের এ ধরনের বেপরোয়া ও বিপজ্জনক কৌশলকে তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অরক্ষিত নৌকায় অতিরিক্ত মানুষ গাদাগাদি করে তুলে মানবপাচারকারীরা মানুষের জীবন বিপন্ন করছে। চলতি মাসের শুরুতেই ইঞ্জিন ফেটে ১৭৩ জন অভিবাসী বহনকারী একটি ডিঙ্গি নৌকা প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল।
তবে এই সংকট মোকাবিলায় অগ্রগতি অর্জিত হয়েছে বলে দাবি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই মাসের পর এবারই সবচেয়ে কম মানুষ ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়েছে। এছাড়া এই পরিস্থিতি কঠোরভাবে দমনে ফরাসি সৈকতগুলোতে নিরাপত্তা কর্মী বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে একটি ‘পেমেন্ট-বাই-রেজাল্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো মানুষের মোট সংখ্যা ১৪ হাজার ৮১৯ জন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৪৩ শতাংশ কম।



























