ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত
- আপডেট সময় : ০১:২১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কি প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, নাকি বিমসটেকের সভাপতি হিসেবে। এর জবাবে রণধীর জয়সওয়াল জানান, ব্রিকসের আউটরিচ অধিবেশনে তারেক রহমানকে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি জানান, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে প্রচলিত কূটনৈতিক রীতি মেনেই এই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য তাকে পৃথকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই সম্মেলনে অঞ্চলের অন্যান্য নেতাদেরও একইভাবে আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। ভারত সরকারের এই বক্তব্যের মাধ্যমে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণের ধরন নিয়ে চলা আলোচনা ও জল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা মিলল।




























