নতুন অবতারে ইয়ামি, প্রকাশ্যে হরর মিস্ট্রি ‘নয়ি নাভেলি’র ট্রেলার
- আপডেট সময় : ১০:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জাতীয় পুরস্কার জয়ের পর নতুন অবতারে পর্দায় ফিরছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তার অভিনীত হরর মিস্ট্রি সিনেমা ‘নয়ি নাভেলি’র ট্রেলার সম্প্রতি প্রকাশ করা হয়েছে। বালাজি মোহনের পরিচালনায় নির্মিত এই সিনেমায় ইয়ামি অভিনয় করেছেন মোহিনী চরিত্রে। গল্পের শুরুতে তাকে আওয়াস্থি পরিবারের নতুন বউ হিসেবে দেখা যায়, তবে বিয়ের পর নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্পের পাশাপাশি ধীরে ধীরে তার চরিত্র ও পরিচয় ঘিরে রহস্য দানা বাঁধতে থাকে।
সিনেমার ট্রেলারে ইয়ামিকে কখনো পারিবারিক আবহে, কখনো হাস্যরসাত্মক পরিস্থিতিতে, আবার কখনো রহস্যময় ও অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। শ্বশুরবাড়ির সদস্যদের মনে সন্দেহ জাগে যে মোহিনী সাধারণ কেউ নন, বরং তিনি একজন ‘ডায়ান’ বা ডাইনী। সিনেমাটি শুধু ভৌতিক ঘরানার মধ্যে সীমাবদ্ধ না রেখে পারিবারিক বিনোদন, হাস্যরস, আবেগ ও ফ্যান্টাসির মিশেলে তৈরি করা হয়েছে।
নিজের চরিত্র সম্পর্কে ইয়ামি গৌতম বলেন, মোহিনী চরিত্রটি তাকে ভিন্ন ধরনের আবেগ এবং একাধিক ঘরানায় অভিনয়ের সুযোগ করে দিয়েছে। প্রথম দেখায় চরিত্রটি যেমন মনে হয়, আসলে তেমন নয় বলে তিনি জানান। তার মতে, চরিত্রটির মধ্যে যেমন উষ্ণতা ও পরিচিতির অনুভূতি রয়েছে, তেমনি রয়েছে ধীরে ধীরে উন্মোচিত হওয়া রহস্য।
‘নয়ি নাভেলি’ সিনেমায় ইয়ামির সঙ্গে আরও অভিনয় করেছেন আদীনাথ এম কোঠারে, অনুরাগ ঠাকুর, সুনীতা রাজওয়ার, মিতা বশিষ্ঠ, আদিত্য কুলশ্রেষ্ঠ, সুশ্মিতা মুখার্জি ও প্রতীক পাচোরি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা, আর সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। আনন্দ এল রাই ও হিমাংশু শর্মার প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই সময়ে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ও ‘জেলর ২’ মুক্তির পরিকল্পনায় থাকায় বক্স অফিসে বেশ প্রতিযোগিতার মুখে পড়বে সিনেমাটি।





























