মা হারালেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি
- আপডেট সময় : ০৫:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি (৭৫) মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার পরিবার এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, রানী মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি (৭৫) আজ (মঙ্গলবার) বিকেলে প্রয়াত হয়েছেন।’’
এই শোকের মুহূর্তে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘‘আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এই অপরিসীম শোকের সময় আপনাদের কাছে যথাযথ গোপনীয়তা বজায় রাখার বিনীত অনুরোধ জানানো হচ্ছে।’’
রানী মুখার্জি বরাবরই তার মায়ের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তার অভিনীত আলোচিত সিনেমা 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'-এর ক্ষেত্রেও কৃষ্ণা মুখার্জি ছিলেন বড় অনুপ্রেরণার উৎস। এই সিনেমায় রানী এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি সন্তানদের ফিরে পাওয়ার জন্য লড়াই করেন।
২০২৩ সালে সিনেমাটির প্রচারের সময় রানী জানিয়েছিলেন, বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য পড়াশোনা করলেও, তার চরিত্রায়নের বেশিরভাগ অংশই ছিল মায়ের থেকে অনুপ্রাণিত। অভিনেত্রী হিসেবে চরিত্রটির প্রতি নিজস্ব ব্যাখ্যা তুলে ধরতে চেয়ে তিনি বলেছিলেন, ‘‘আমি চাইনি চরিত্রটির সঙ্গে অতিরিক্ত বাড়তি বোঝা যুক্ত হোক, বা মানুষ আমার চরিত্র আর বাস্তব ব্যক্তির মধ্যে মিল খুঁজে বের করুক।’’
রানী আরও বলেছিলেন, ‘‘আশিমার কাছে সাগরিকার অনেক রেকর্ড করা টেপ ছিল, আমি রেফারেন্সের জন্য সেগুলো দেখেছিলাম, কিন্তু চরিত্রের বাকি অংশটা মূলত আমার মায়ের ভিত্তিতেই গড়ে উঠেছে। তিনিই সবচেয়ে বাঙালি মানুষ যাকে আমি চিনি। হাত দিয়ে খাওয়ানো, কপালে টিকা পরিয়ে দেওয়া—আমি আমার মায়ের কাছ থেকেই শক্তি ও অনুপ্রেরণা পেয়েছি।’’





























