ভিকি জাহেদের ‘খলনায়ক’-এ প্রথমবারের মতো সেলিম, চঞ্চল ও দিনার
- আপডেট সময় : ০৭:৫৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

টেলিভিশন নাটকের পরিচিত মুখ শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনার। তিনজনেরই মঞ্চের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং পরবর্তী সময়ে ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নিজেদের অবস্থান তৈরি করেছেন। তবে এবারই প্রথম তাঁরা একই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। ছবিটির নাম 'খলনায়ক', যা নির্মাণ করছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। ওটিটি ও নাটকে নিজস্ব স্টাইল তৈরি করা ভিকির এটিই প্রথম চলচ্চিত্র।
ছবিটি নিয়ে নির্মাতা ও সংশ্লিষ্টরা শুরু থেকেই বেশ গোপনীয়তা বজায় রেখে চলেছেন। এমনকি শুটিং শুরুর আগে বা চলমান অবস্থায় সিনেমাটি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি নির্মাতা। তবে একাধিক সূত্রের তথ্যমতে, কলকাতায় সিনেমাটির প্রথম কিস্তির শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও তমা মির্জা। এটি তাঁদের ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র এবং প্রথম লটের শুটিংয়ে তাঁরা অংশ নিয়েছেন। শহীদুজ্জামান সেলিম জানিয়েছেন, ছবিতে তিনি শেয়ারবাজারের একজন বড় ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন। ইন্তেখাব দিনারও একই ব্যবসায়ীর চরিত্রে থাকছেন, তবে তাঁদের চরিত্রের বিস্তারিত বা সম্পর্কের বিষয়ে কোনো তথ্য দেননি সেলিম।
নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, 'ভিকির সঙ্গে এটি আমার প্রথম কাজ। তবে কাজ করতে গিয়ে মনে হয়েছে সে টেকনিক্যালি অনেক সমৃদ্ধ। পর্দায় চরিত্র উপস্থাপনের বিষয়ে সে ভীষণ সিরিয়াস। একটি দারুণ কাজ হতে যাচ্ছে।'
সিনেমায় চঞ্চল চৌধুরীও অভিনয় করছেন, তবে তাঁর চরিত্র বা গল্প নিয়ে এখনই কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নির্মাতা ও অভিনয়শিল্পীদের নীরবতায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় 'খলনায়ক' নামে ঢালিউডে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছিল, যাতে অভিনয় করেছিলেন মান্না।





























