নিখুঁত ত্বকের রহস্য জানালেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা
- আপডেট সময় : ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা তার অসাধারণ নাচ এবং ফিটনেসের জন্য পরিচিত। ৫২ বছর বয়সী এই অভিনেত্রী নিজের রূপ ও স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার বিষয়ে অত্যন্ত সচেতন। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের জানিয়েছেন, দিনের শেষে ঘুমানোর আগে তিনি কীভাবে নিজের ত্বকের যত্ন নেন।
ভিডিওটিতে মালাইকা তার রাতের স্কিনকেয়ার রুটিনের বিভিন্ন ধাপ তুলে ধরেন। তিনি দিনের ক্লান্তি শেষে ত্বক পরিষ্কার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অভিনেত্রী জানান, তিনি ডাবল ক্লিনজিং পদ্ধতি অনুসরণ করেন। প্রথম ধাপে ক্লিনজিং বাম ব্যবহার করে তিনি মেকআপ এবং ত্বকের সব ময়লা দূর করেন। এরপর হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুখ মুছে নিয়ে দ্বিতীয় ধাপে একটি সাধারণ ক্লিনজার ব্যবহার করে ত্বক পুনরায় পরিষ্কার করেন।
মুখ পরিষ্কার করার পর মালাইকা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ কয়েকটি পণ্য ব্যবহার করেন। তিনি প্রথমে মুখে মিস্ট স্প্রে করেন এবং এরপর হায়ালুরোনিক অ্যাসিডভিত্তিক প্রোডাক্ট প্রয়োগ করেন। এর পরপরই তিনি একটি পেপটাইড সিরাম ব্যবহার করেন, যা নিয়ে তিনি বেশ আগ্রহী বলে জানান। এরপর তিনি একটি তেল-ভিত্তিক নাইট সিরাম ব্যবহার করেন, যেটির প্রতি তিনি নিজেকে ‘আসক্ত’ বলে উল্লেখ করেছেন।
ত্বকের যত্নের এই দীর্ঘ প্রক্রিয়ায় মালাইকা চোখের ক্রিম ব্যবহারের পাশাপাশি শুষ্কভাব দূর করতে হাইড্রেটিং প্রোডাক্টও ব্যবহার করেন। তিনি পরামর্শ দেন যে, হাতে লেগে থাকা বাড়তি প্রোডাক্ট যেন অপচয় না করে ত্বকে ব্যবহার করা হয়। পরিশেষে ঠোঁটে বাম লাগিয়ে তিনি তার রাতের রুটিন শেষ করেন এবং ভক্তদের শুভরাত্রি জানান।
মালাইকা অরোরা ১৯৯৮ সালে অভিনেতা-প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেছিলেন এবং তাদের আরহান খান নামে এক ছেলে রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। বলিউডের ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ এবং ‘দাবাং’ ছবির ‘মুন্নি বদনাম হুই’সহ অসংখ্য আইটেম গানে পারফর্ম করে তিনি হিন্দি সিনেমার ইতিহাসে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।





























