জুলাইয়ে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে শক্তিশালী সম্প্রসারণের ইঙ্গিত

- আপডেট সময় : ০৩:৫৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। জুলাই মাসে অর্থনৈতিক কর্মকাণ্ডে শক্তিশালী সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ প্রকাশিত জুলাই মাসের পিএমআই প্রতিবেদন অনুযায়ী, জুনের তুলনায় জুলাইয়ে সামগ্রিক পিএমআই ৪ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৫৭ দশমিক ৮-এ উঠেছে।
প্রতিবেদনটিতে চারটি প্রধান খাতের মধ্যে তিনটিতেই জুলাই মাসে সম্প্রসারণের চিত্র উঠে এসেছে। এর মধ্যে উৎপাদন খাতের পিএমআই ১৬ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ৬৫ দশমিক ৪-এ পৌঁছেছে। এছাড়া সেবা খাতের পিএমআই ১ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৫৬ এবং কৃষি খাতের পিএমআই ৫৫ দশমিক ২-এ দাঁড়িয়েছে। তবে নির্মাণ খাত ৪৯ দশমিক ৩ পয়েন্ট নিয়ে এখনও সামান্য সংকোচনের মধ্যে রয়েছে।
উৎপাদন খাতের নতুন অর্ডার, রপ্তানি অর্ডার, উৎপাদন, উপকরণ ক্রয়, আমদানি, কর্মসংস্থান ও সরবরাহকারীদের পণ্য সরবরাহ—সব সূচকেই সম্প্রসারণ হয়েছে। তবে উপকরণের দাম বেড়েছে এবং অসমাপ্ত অর্ডারের সূচক সংকোচনে রয়েছে। অন্যদিকে, কৃষি খাত টানা ১১ মাস ধরে সম্প্রসারণে থাকলেও জুলাইয়ে সম্প্রসারণের গতি ৯ দশমিক ৬ পয়েন্ট কমেছে। নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রম বাড়লেও কর্মসংস্থান সামান্য সংকুচিত হয়েছে।
নির্মাণ খাতের সংকোচন অব্যাহত থাকলেও জুনের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। জুলাইয়ে এ খাতের পিএমআই ৯ দশমিক ১ পয়েন্ট বেড়েছে এবং নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম ও কর্মসংস্থানে সংকোচনের হার কমেছে। সেবা খাত টানা ২২ মাস ধরে সম্প্রসারণের ধারায় রয়েছে। জুলাইয়ে এ খাতে নতুন ব্যবসা, কর্মসংস্থান ও উপকরণ ব্যয়ে দ্রুততর সম্প্রসারণ হয়েছে এবং অসমাপ্ত অর্ডারে সংকোচনের হার কমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিউচার বিজনেস ইনডেক্সে সব খাতেই শক্তিশালী সম্প্রসারণের চিত্র পাওয়া গেছে, যা আগামী মাসগুলোতে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে উদ্যোক্তাদের উচ্চ আশাবাদ প্রতিফলিত করে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, জুলাইয়ের পিএমআই বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভিত্তিক শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। উৎপাদন খাতের তীব্র পুনরুদ্ধারের পাশাপাশি কৃষি ও সেবা খাতের সম্প্রসারণ এ প্রবণতাকে নেতৃত্ব দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, উৎপাদন খাতের এই পুনরুদ্ধার গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ মাসিক রপ্তানি আয় অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে নির্মাণ খাতে উন্নতি হলেও খাতটি এখনও সামান্য সংকোচনের মধ্যে রয়েছে।




























