সিটি ব্যাংকের এটিএমে কার্ড ছাড়াই স্পর্শ করে তোলা যাবে টাকা
- আপডেট সময় : ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

এটিএম বুথ থেকে টাকা তোলার সময় কার্ড আটকে যাওয়ার ঝক্কি থেকে গ্রাহকদের মুক্তি দিতে দেশে প্রথমবারের মতো স্পর্শহীন বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির এটিএম সেবা চালু করেছে সিটি ব্যাংক। এখন থেকে সিটি ব্যাংকের এই নতুন প্রযুক্তির এটিএমগুলোতে কার্ড স্লটে প্রবেশ না করিয়ে, কেবল নির্ধারিত স্থানে স্পর্শ বা ট্যাপ করেই টাকা তোলা, জমাসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা যাবে। ব্যাংকটির দাবি, বাংলাদেশে একমাত্র তারাই এই প্রযুক্তির এটিএম সেবা আনছে।
প্রচলিত এটিএমগুলোতে কার্ড মেশিনের ভেতরে প্রবেশ করিয়ে পিন নম্বর দিতে হয়, যা অনেক সময় কার্ড আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করে। বিশেষ করে এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের এটিএমে ব্যবহারের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে। নতুন এনএফসি প্রযুক্তিতে কার্ড ভেতরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্রাহক কার্ডটি বুথের নির্ধারিত স্থানে স্পর্শ করালেই মেশিন তাকে শনাক্ত করবে এবং এরপর পিন কোড দিয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করা যাবে।
ইতিমধ্যে সিটি ব্যাংক তাদের নেটওয়ার্কে ৭০ থেকে ৮০টি এনএফসি প্রযুক্তির এটিএম স্থাপন করেছে। ভবিষ্যতে নতুন বুথ স্থাপন বা পুরোনো বুথ পরিবর্তনের ক্ষেত্রেও এই প্রযুক্তিই ব্যবহার করা হবে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার সুবাদে সিটি ব্যাংকের এই এনএফসি প্রযুক্তির এটিএম থেকে অন্য যেকোনো ব্যাংকের গ্রাহকরাও লেনদেন করতে পারবেন। তবে এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের এটিএমে ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে ১৫ টাকা বাড়তি ফি প্রযোজ্য হবে।
সিটি ব্যাংক কর্মকর্তাদের মতে, এই প্রযুক্তির বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথাগত বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরির ভয় থাকলেও এনএফসি প্রযুক্তিতে কার্ড সরাসরি সংকেত পাঠানোর মাধ্যমে তথ্য আদান-প্রদান করে, ফলে তথ্য চুরির ঝুঁকি নেই বললেই চলে। এছাড়া কার্ড মেশিনে বারবার প্রবেশের ফলে ম্যাগনেটিক স্ট্রিপ বা ইএমভি চিপ ক্ষয়ের ভয় থাকে না, যা নতুন ব্যবস্থায় কার্ডকে অক্ষত রাখবে। পাশাপাশি কার্ড রিড হওয়া এবং লেনদেন শেষে কার্ড বের হওয়ার বাড়তি সময় বেঁচে যাওয়ায় গ্রাহকের লেনদেনের সময়ও অনেকাংশে কমে আসবে।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার জানান, গ্রাহকদের সুবিধার্থেই এই নতুন প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে, যাতে তারা কার্ড না প্রবেশ করিয়েই স্বচ্ছন্দে ও দ্রুত লেনদেন করতে পারেন। বর্তমানে সব ব্যাংকই এনএফসি প্রযুক্তি ব্যবহারের উপযোগী কার্ড গ্রাহকদের দিচ্ছে, ফলে এই সুবিধার আওতায় সব ব্যাংকের গ্রাহকরাই আসতে পারবেন।
এরপর পিন টাইপ করেই খুব দ্রুত ও নিরাপদে লেনদেন সম্পন্ন করা যায়।সিটি ব্যাংক ইতিমধ্যে নতুন এই প্রযুক্তির ৭০-৮০টি এটিএম স্থাপন করেছে।





























