৫ বছরে দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন বিপ্লব আনতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৩:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বিগত ১৭ বছরে দেশের ক্রীড়া খাতকে ধ্বংস করা হয়েছে। এই খাতের হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর এবং আগামী ৫ বছরের মধ্যে ক্রীড়াক্ষেত্রে একটি নতুন বিপ্লব আনতে চায় সরকার।
তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে নতুন কুঁড়ি আয়োজনসহ স্কুল-কলেজ পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট যুক্ত করেছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, খেলাধুলাকে শুধুমাত্র বিনোদনের গণ্ডিতে না রেখে একে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, যা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক হবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
সরকারের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ৬৪টি জেলায় আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়ামসহ স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে প্রথম ধাপে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে।
ঝিনাইদহে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে কুষ্টিয়ার ওয়ান্ডার্স ক্লাব ও ঝিনাইদহের লাইফ ওয়ে ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের গ্যালারি ছিল কানাই কানাই পূর্ণ, আর দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো মাঠ। গ্যালারিতে জায়গা না পেয়ে অনেক স্কুল-কলেজের শিক্ষার্থী মাঠে বসেই খেলা উপভোগ করেন।



























