কলারোয়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে বাড়ির পাশে পানিতে পড়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো ওই গ্রামের ইকবাল হোসেনের সন্তান জান্নাতুল (৩) ও সানজাদুল (২)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে জান্নাতুল ও সানজাদুল একসঙ্গে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একপর্যায়ে তারা দুজনেই বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায়।
বেশ কিছুক্ষণ শিশুদের দেখতে না পেয়ে স্বজনেরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে জলাশয় ও পুকুর সংলগ্ন এলাকায় ছোট শিশুদের চলাফেরার বিষয়ে অভিভাবক ও স্থানীয়দের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এলাকার সচেতন ব্যক্তিরা।





























