ভৈরবে মেঘনা নদী থেকে অবৈধ মাটি উত্তোলনের দায়ে আটক ২
- আপডেট সময় : ০৯:২৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সঙ্গে মাটি ভর্তি একটি বাল্কহেডও জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মান্দারতলী এলাকার মৃত জাফর আলী চৌধুরীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বানিদিয়া গ্রামের হাজী আবদুল জাহেদ মিয়ার ছেলে মো. আতিকুর রহমান (৩৫)।
ভৈরব নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল এলাকার মেঘনা নদী থেকে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে বাল্কহেডযোগে অন্যত্র পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের একটি দল ভৈরব লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় এবং বাল্কহেডটি আটক করে। অভিযানে এসআই রহিদুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে ভৈরব নৌ থানার এসআই রহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা সরাইল এলাকা থেকে অবৈধভাবে মাটি সংগ্রহ করে পরিবহন করছিলেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























