হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের
- আপডেট সময় : ০১:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা এবং গোয়েন্দা নজরদারি কাজে লাগিয়ে একটি সমন্বিত ও জটিল অভিযানের মাধ্যমে এই স্বয়ংক্রিয় ডুবোযানটি আটক করা সম্ভব হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে আটককৃত ড্রোনটিকে ‘রেমাস ৬০০’ হিসেবে শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ড্রোনটির ভেতরে থাকা গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা উদ্ধারের জন্য সেটিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছিল ইরানের রেভল্যুশনারি গার্ডস। সেই সময় হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মানুষবিহীন ও স্মার্ট এই সাবমেরিনটি জব্দ করেছিল দেশটির নৌবাহিনী।


























