মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সংসদে প্রশ্ন তুললেন এমপি হান্নান মাসউদ
- আপডেট সময় : ০৭:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

সরকার কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যম তা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে তিনি এ বিষয়ে প্রশ্ন রাখেন।
সংসদ সদস্য হান্নান মাসউদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার কি মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে? তিনি তার বক্তব্যের সপক্ষে বেশ কিছু ঘটনার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা হয়েছিল যে তিনি নির্বাচিত নন এবং ভোটিংয়ে অংশ নেবেন না। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর তা সরিয়ে ফেলা হয়। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে ডেইলি ওয়াদা সংবাদ প্রকাশ করলে সেই সংবাদও সরিয়ে নিতে বাধ্য হওয়ার অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমের প্রতিবেদন জোরপূর্বক সরিয়ে দেওয়া এবং সাইবার আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বা সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কোনো নিউজ করলে এই যে সাইবার অ্যাটাক এবং প্রতিবেদন সরিয়ে নেওয়ার ঘটনাগুলো ঘটছে, এতে করে জনমনে প্রশ্ন উঠেছে সরকার কি মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে?


























