সৌদি আরবের খামিস মুশাইত লক্ষ করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
- আপডেট সময় : ০৭:০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সৌদি আরবের খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময়ে ইয়েমেনের অস্থিরতা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী মঙ্গলবার (৬ অক্টোবর) জানিয়েছে, তারা দেশটির তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলাটি হুথিদের হাত থেকে মুক্ত করতে একটি বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রাজধানী সানাসহ হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য অঞ্চল উদ্ধারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হবে। এছাড়া, মারিব অঞ্চলে হুথিদের ছোড়া একটি 'ঘোস্ট ড্রোন' ভূপাতিত করার কথাও জানিয়েছে সরকারি বাহিনী।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের স্থিতিশীলতার সঙ্গে এই অঞ্চলের নিরাপত্তা অবিচ্ছেদ্যভাবে জড়িত।
অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে, তারা বাব এল মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়া সরকারি বাহিনীর একটি দলকে প্রতিহত করেছেন। পাশাপাশি, সরকারি বাহিনীকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও স্বীকার করেছেন তিনি। হুথিদের দাবি অনুযায়ী, এসব হামলায় সরকারি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।




























