জনগণের সমর্থন পেলে সংসদে ১৬০ আসন পাবো: হাসনাত আব্দুল্লাহ

- আপডেট সময় : ০৬:০০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের সমর্থন পেলে খুব অল্প সময়ের মধ্যেই তাদের দল জাতীয় সংসদে ১৬০টি আসনে পৌঁছাবে। সোমবার বিকেলে পিরোজপুর শহরে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে ছোট দল হওয়ার কারণে সংসদে তাদের ছয়জন প্রতিনিধির জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ পাওয়া যায় না। তিনি মন্তব্য করেন, “জাতীয় সংসদে এনসিপির ছয়জনের প্রশ্নের উত্তর দিতে অনেক বাঘা বাঘা নেতার ৪৫ মিনিট সময় লাগে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “যখন আমাদের বাবারা ভাববেন তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে এবং পুলিশ সদস্যরা ভাববেন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, তখনই সংসদে আমাদের ১৬০ জন প্রতিনিধি থাকবে।” এ সময় তিনি স্পষ্ট করেন যে, তাদের দল কোনো ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখে না এবং কোনো ‘মিডিয়া মাফিয়া’র কাছে মাথা নত করবে না।
ভোটের রাজনীতির বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভোটের আগের রাতে ৫০০ বা ১ হাজার টাকা নিলে তার মূল্য পাঁচ বছর ধরে পরিশোধ করতে হয়। আর বিনা টাকায় ভোট দিলে পাঁচ বছর জনগণ বিনা মূল্যে সেবা পেতে পারে।” তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়ে বলেন, তারা জনগণের হয়েই কাজ করতে চান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না। পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী হাসান জুন্নায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামিম হামিদী। এছাড়া পদযাত্রা ও পথসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




























