ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে আরও সমন্বয়ের প্রয়োজন ইসির
- আপডেট সময় : ০৬:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও ভোটের তারিখ চূড়ান্ত করা সম্ভব হয়নি। পরীক্ষা, রমজান এবং নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো সমন্বয় করতে আরও কাজ বাকি রয়েছে বলে জানিয়েছে কমিশন।
রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে ভোট কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট সময় বা স্লট প্রয়োজন, যা এখনো নিশ্চিত করা যায়নি।
নির্বাচন কমিশনার জানান, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পরীক্ষা থাকায় এ সময়ে খুব কম বিরতি পাওয়া যাচ্ছে। এছাড়া জানুয়ারিতে কিছুটা সময় থাকলেও ফেব্রুয়ারির শুরুতেই রমজান মাস শুরু হবে। রমজান শেষ হওয়ার পরপরই এসএসসি পরীক্ষা শুরু হবে এবং সেই পরীক্ষা শেষ হওয়া থেকে ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর মধ্যবর্তী সীমিত সময়ে নির্বাচনের আয়োজন করতে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
বৈঠকে শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরগুলো বন্যার কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ওপর পড়া প্রভাব এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও মূল্যায়ন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। পরীক্ষা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই অনুরোধকে যৌক্তিক উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের বাজেট ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করে যত দ্রুত সম্ভব তারিখ ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার আরও স্পষ্ট করেন যে, আগে জানানো সম্ভাব্য সময়সূচি থেকে কমিশন সরে আসেনি। এটি প্রাক-প্রস্তুতিমূলক সভার আলোকে তৈরি করা একটি খসড়া ছিল এবং তখনই জানানো হয়েছিল যে ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর সময়সূচি চূড়ান্ত করা হবে। কমিশন এখন বৈঠকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সময়সূচি চূড়ান্ত করবে এবং ইসি সচিব কর্মকর্তা ও সচিব পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করবেন। স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের বিষয়ে তিনি জানান, আইন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



























