কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে ফেলল বিএসএফ
- আপডেট সময় : ০৪:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। সূত্রমতে, আব্দুল আলীম ওই এলাকার আব্দুল মজিদ মণ্ডলের পুত্র এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।
অভিযোগ উঠেছে যে, গত রোববার মধ্যরাতে কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগার দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ফেলে যায় বিএসএফ। পরে সোমবার আহত ওই দুই ভারতীয় নাগরিককে স্থানীয় দুইজন ব্যক্তি উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বর্তমানে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, পুলিশ পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ দু’জন ভারতীয় নাগরিক চিকিৎসাধীন রয়েছেন। আহতদের বরাতে তিনি আরও জানান, উলিপুর সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানরা তাদের গরু পাচারের সময় গুলি করে মৃত ভেবে সীমান্তে ফেলে চলে যায়।
আহত ইসমাইল হোসেনের ভাষ্যমতে, ভারতীয় সীমান্তের অভ্যন্তরে তাদের বাংলাদেশি ভেবে আটক করে বিএসএফ। এরপর তাদের বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে গুলি করে ফেলে যায়।


























