সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া
- আপডেট সময় : ০৫:০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী অক্টোবরের বেতনের সঙ্গেই প্রায় তিন মাসের বকেয়া অর্থ পেতে যাচ্ছেন। তবে গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল বেতন এবং তা কার্যকরের তারিখের ওপর ভিত্তি করে প্রত্যেকের বকেয়ার পরিমাণ আলাদা হবে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম আগামীকাল থেকেই শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। সরকারি চাকরিজীবীরা ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++)-এর পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে নিজেদের নতুন বেতন নির্ধারণ করতে পারবেন।
এই প্রক্রিয়ার জন্য চাকরিজীবীদের নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। একই সঙ্গে আগের বেতন নির্ধারণের তথ্যের সঙ্গে এগুলো মিলিয়ে দেখতে হবে। এছাড়া পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে সেই সংক্রান্ত তথ্যও দিতে হবে এবং সংশ্লিষ্ট অফিস আদেশ ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বর্তমান বিএনপি সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন তারিখে বিদ্যমান মূল বেতনের ভিত্তিতে নতুন কাঠামোতে বেতন নির্ধারণ করা হবে।
নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রদান করা হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পার্থক্যের ৭০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হবে। এছাড়া, নতুন কাঠামোতে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। চলতি অর্থবছরে দুই দফায় মূল বেতনের ৭০ শতাংশ দেওয়ার জন্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে অর্থ বিভাগ নিশ্চিত করেছে।
এদিকে বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অর্থ বিভাগের ‘সেবা দেওয়া সক্ষম করতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি’র (এসপিএফএমএস) আওতায় আইবাস প্লাস প্লাস এই প্রশিক্ষণ দিচ্ছে। এতে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা (সিএএফও), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ), জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) এবং উপজেলা হিসাব কর্মকর্তা (ইউএও) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন।



























