উখিয়ায় ইজিপিপি প্লাস কর্মসূচির আওতায় ৪৪টি উন্নয়ন প্রকল্পের যাত্রা শুরু
- আপডেট সময় : ০২:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলায় অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ইজিপিপি প্লাস কর্মসূচির আওতায় ৪৪টি প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রকল্পগুলোর বাস্তবায়নে মোট ১২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের বাসিন্দাদের জন্য এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজাপালং, হলদিয়াপালং, রত্নাপালং, পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নে একযোগে এসব প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। রাজাপালং ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬–২০২৭ অর্থবছরে বিসিআরএস প্রকল্পের আওতায় এই কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং কমিউনিটি পর্যায়ে সহনশীলতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমদ জানান, এই কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের অভ্যন্তরীণ যাতায়াতের রাস্তা নির্মাণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ এবং কবরস্থান সংস্কারের কাজ করা হবে। এই প্রকল্পগুলোতে অদক্ষ নারী-পুরুষদের দৈনিক ৫০০ টাকা মজুরিতে সাময়িক কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে, যার আওতায় মোট ২ হাজার ৩৮০ জন উপকৃত হবেন।





























