আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ১৬৯ ইহুদি বসতিস্থাপনকারীর প্রবেশ
- আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেরুজালেম গভর্নরেটের তথ্যানুযায়ী মোট ১৬৯ জন ইসরাইলি বসতিস্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। ইসরাইলি বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে এই বসতিস্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাব আল-মাগারিবা গেট দিয়ে প্রবেশের পর তারা মসজিদের আঙিনায় তালমুদিক প্রার্থনার বিভিন্ন আচার পালন করেন। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের নিয়ম থাকলেও, ১৯৬৭ সালের ‘স্ট্যাটাস কো’ বা প্রচলিত ব্যবস্থা অনুযায়ী সেখানে অমুসলিমদের প্রার্থনা করার কোনো অনুমতি নেই।
ওয়াফার তথ্যমতে, উগ্রপন্থী বসতিস্থাপনকারী গোষ্ঠীগুলো ইহুদি নববর্ষ উদযাপনের অজুহাতে আল-আকসা মসজিদে ব্যাপকভাবে ঢুকে পড়ার জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছিল। এদিকে ইহুদি ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ করে দিয়েছে এবং ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

























