৫ হাজার কোটির সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক
- আপডেট সময় : ০৩:১৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের জোগান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ এন হামিদুল্লাহ সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকারচার ডিভিশনের শরীফ হাসান মামুন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চলতি মূলধনের সংকটে থাকা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক এই ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। চলতি বছরের ৮ জুন জারিকৃত সার্কুলার অনুযায়ী এই তহবিলের মেয়াদ তিন বছর। যেসব সচল প্রতিষ্ঠান প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসা পরিচালনা করতে পারছে না, তারা এই স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা পাবে।
এই স্কিমের আওতায় উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ সুদ বা বিনিয়োগের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে এই পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। মূলত সিএমএসএমই খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন উদ্যোগের অংশ হিসেবে এই তহবিলটি গঠন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই চুক্তির মাধ্যমে সিএমএসএমই খাতে ঋণ বা বিনিয়োগের পরিধি আরও বাড়বে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কমিউনিটি ব্যাংকের ভূমিকা আরও শক্তিশালী হবে।



























