যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
- আপডেট সময় : ০৭:৩৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে এই দায়িত্ব অর্পণ করা হয়।
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে মনোনীত নতুন সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক নুর ইসলামসহ পরিষদের অন্যান্য নেতাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সভায় আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সাবেক সম্পাদক আহসান কবীর, সদস্য এম আইউব ও আকরামুজ্জামান এবং নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। গঠনতন্ত্র অনুযায়ী, এই নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।


























