চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ০৬:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং ক্ষতিকর উপাদান বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ।
অভিযান সূত্রে জানা যায়, পাহাড়তলীর লোকনাথ ফুড প্রোডাক্টসকে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর ও বুটভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে এবং খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই এলাকার মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে খাদ্যপণ্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির দায়ে ৪ হাজার টাকা এবং পাহাড়তলী বাজারের ফেনী স্টোরকে ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এর পাশাপাশি, আর এন সুপার বাঘাবাড়ি নামের একটি ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তৃতীয় পক্ষের কাছ থেকে ঘি কিনে নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে প্যাকেটজাত ও বিক্রি করছিল। অভিযান চলাকালে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং ভোক্তা অধিকার আইন যথাযথভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।


























