শরীয়তপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপি নেতা মতিউর রহমান বহিষ্কার
- আপডেট সময় : ০৯:০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এবং সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে নানা অভিযোগ সামনে আসায় এবং বারবার দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছিল। এসব কারণেই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।



























