জনগণ নৈরাজ্য ও সন্ত্রাসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে: সাঈদ আল নোমান
- আপডেট সময় : ০২:৩৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, বাংলার মাটিতে স্বৈরাচার ও পতিত গোষ্ঠী আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না। তিনি মন্তব্য করেন যে, দেশের জনগণ আর কখনো কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। বৃহস্পতিবার বিকেলে নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে চট্টগ্রাম-১০ আসন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমানে বিএনপির প্রধান লড়াই হলো সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল এবং দেশের মানুষের মনে তাদের বিন্দুমাত্র জায়গা নেই। তাদের অতীতের সকল অপকর্ম ও বর্তমান কর্মকাণ্ডকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
নেতাকর্মীদের উদ্দেশে সাঈদ আল নোমান বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। তার হাতকে শক্তিশালী করে শুধু নিজেদের জন্য নয়, সমাজের পিছিয়ে পড়া শ্রমিক ও নারীদের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও যোগ করেন, রাজনীতি মানেই মানুষের সেবা এবং ইবাদত। সাধারণ মানুষের পাশে এমনভাবে দাঁড়াতে হবে যেন তারা স্বস্তিতে থাকে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য মোশাররফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আহমদুল আলম রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন, সদস্য আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।


























