মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা জরুরি: নিপুণ রায়

- আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী দাবি করেন, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিরাই মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। সেই পরিবেশ থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সরকার এখন মাদককে কোনোভাবেই প্রশ্রয় দেবে না এবং তা কঠোর হস্তে দমন করা হবে।
মাদক দমনে কেবল আইনের প্রয়োগই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এর জন্য সামাজিক সচেতনতা, তরুণদের কর্মসংস্থান এবং খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। যুব সমাজ খেলাধুলায় ব্যস্ত থাকলে তারা হতাশা ও মাদক থেকে দূরে থাকবে। তিনি ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানান, মসজিদের বয়ান এবং মন্দিরে ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা প্রচার করতে, যাতে প্রতিটি পরিবার ও তরুণ সমাজ এর কুফল সম্পর্কে জানতে পারে।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে নিপুণ রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।





























