উজানের ঢল ও বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

- আপডেট সময় : ০১:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

উজানের পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে উত্তরের নদী তিস্তার পানি আবারও হু হু করে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট (স্লুইস গেট) খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার। এই পয়েন্টে পানির বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ মিটার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, যেভাবে পানি বাড়ছে তাতে যেকোনো সময় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে।
পানি বৃদ্ধির ফলে নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সোমবার সকাল ৮টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকায় পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।



























