রেলওয়ের ৪ পদে ৫৭ প্রার্থীর চূড়ান্ত নিয়োগের ফল প্রকাশ
- আপডেট সময় : ০৯:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের উন্নয়ন-ট্রাফিক বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী এসব প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নির্বাচিত ৫৭ জনের মধ্যে ট্রেন এক্সামিনার পদে ৯ জন, ট্রেন কন্ট্রোলার পদে ১১ জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে চার জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩৩ জন প্রার্থী রয়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ প্রদানের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যাচাই-বাছাই করা হবে। এই যাচাই প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
নিয়োগের ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, ভুল বা মিথ্যা তথ্য দিলে, জাল সনদ দাখিল করলে কিংবা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি নিয়োগের পরও যদি এসব তথ্যের কোনো অসত্যতা ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল বা চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চূড়ান্ত ফলাফল বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





























