যুক্তরাজ্য থেকে ২৭ ইসরাইলি কূটনীতিক বহিষ্কারের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০১:২৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দিলে এবং সেখানকার ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হলে, ইসরাইলের ২৭ জন কূটনীতিককে পরিবারসহ যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে বলে সতর্ক করেছে ব্রিটিশ সরকার। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর-এর নির্দেশে আগামী ৮ অক্টোবর কনস্যুলেটটি বন্ধ হওয়ার কথা রয়েছে। জানা গেছে, পশ্চিম তীরে ইসরাইলের বিরুদ্ধে যুক্তরাজ্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কনস্যুলেটটি বন্ধের এই প্রক্রিয়া ঠেকাতে গত সপ্তাহে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল গোপনে ইসরাইল সফর করেছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি প্রকাশ করেনি। পাওয়েল ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কনস্যুলেটটি সচল রাখার বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
ব্রিটিশ সরকার সম্প্রতি পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। তাদের অভিযোগ, ইসরাইলের কর্মকাণ্ড দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। ব্রিটিশ সরকারের ভাষ্যমতে, পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থী বসতিস্থাপনকারীদের হামলা বেড়ে যাওয়ায় তারা এই নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী বছর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় অবস্থিত এই ব্রিটিশ কনস্যুলেটটি ফিলিস্তিনি জনগোষ্ঠী, পশ্চিম তীর এবং গাজার সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, এটি ফিলিস্তিনিদের বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করে থাকে।
এদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর এই ব্রিটিশ নিষেধাজ্ঞাকে ‘নৈতিকভাবে বিকৃত’ বলে সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি ইসরাইলের প্রতি বৈরী মনোভাব পোষণ করছে এবং আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ইসরাইলের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে।





























