জার্মান চ্যান্সেলরের কিয়েভ সফরের মধ্যেই রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা
- আপডেট সময় : ১১:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের আকস্মিক ইউক্রেন সফরের মধ্যেই দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কিয়েভের প্রধান সেতুগুলোতে টানা চতুর্থ দিনের মতো রুশ ড্রোন হামলা অব্যাহত রয়েছে। রোববার সকালে পিভনিচনি (নর্দার্ন) সেতুতে চালানো হামলায় দুজন আহত হয়েছেন। এর আগের দিনও একই সেতুতে হামলা হয়েছিল এবং সপ্তাহের শুরুতে পিভদেননি (সাদার্ন) সেতুতেও কয়েক দফা হামলা চালানো হয়।
হামলার মধ্যেই মের্ৎস কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। তারা যুদ্ধে নিহত ইউক্রেনীয় সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মের্ৎস জানান, ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি এবং বার্লিন কিয়েভকে সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধের ফলাফলের ওপর জার্মানির নিরাপত্তাও নির্ভর করছে। ২০২৫ সালের মে মাসে চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর জার্মানি ইউক্রেনের সবচেয়ে বড় একক দাতা হয়ে উঠেছে। তিনি সতর্ক করে বলেন, রাশিয়াকে থামানো না গেলে তাদের যুদ্ধযন্ত্র ইউরোপের দিকেও ঘুরে যেতে পারে।
এদিকে রুশ সামরিক বাহিনী জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা আরও বাড়ানো হবে। এর আগে তারা ইউক্রেনীয় সেনা ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত দুটি সেতুতে হামলার দাবি করে। বিবিসি যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, পিভনিচনি সেতু দিয়ে গাড়ি চলার সময় একটি ড্রোন বিস্ফোরিত হচ্ছে, যার ফলে সেতুর লেনে বড় গর্ত তৈরি হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, এই ক্ষয়ক্ষতির কারণে সেতুতে যানবাহন ও গণপরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যমতে, রাশিয়া রাতভর মোট ১৩৫টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ৫২টি ছিল জেটচালিত। ইউক্রেনীয় বাহিনীর দাবি, তারা এর মধ্যে ১২৫টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।




























