হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির
- আপডেট সময় : ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে বিস্ফোরণের পর দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইআরজিসির ভাষ্যমতে, জাহাজগুলো অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজ দুটির নাবিকদের নিরাপদে সরিয়ে নিয়েছে।
আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে আইআরজিসি বলেছে, নাবিকদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দেওয়া তথাকথিত ‘ভুল তথ্য’ বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে আইআরজিসি কর্তৃক চিহ্নিত বিপজ্জনক রুটগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপতৎপরতা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আইআরজিসির হুঁশিয়ারি অনুযায়ী, এই পরিস্থিতি বজায় থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল, গ্যাস কিংবা রাসায়নিক সারের কোনো চালান রপ্তানি করা সম্ভব হবে না।
তবে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও আইআরজিসির এই দাবির বিষয়ে কোনো আন্তর্জাতিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।




























